স্বামীর গ্রেফতারের পরেই কি বিপাকে অপরূপা! নয়া মামলায় বাড়ছে অস্বস্তি
June 30, 2026
স্বামী সাকির আলির গ্রেফতারির রেশ কাটতে না কাটতেই এবার আইনি জটিলতায় পড়েছেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে শ্রীরামপুর থানায় তলব করা হয়েছে।
২০২৩ সালের রাম নবমীর অশান্তির ঘটনায় উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগে সম্প্রতি এনআইএ (NIA) অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গ্রেফতার করে। সাকির আলির গ্রেফতারির পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ রয়েছে, সেই সময় তিনি কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেন। স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে একের পর এক আইনি পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।