আবারও বড় ধাক্কা খেলেন আসারাম, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন!
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত জেল থেকেই বিচার প্রক্রিয়া চলবে এবং এখনই তাঁকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আদালত জানিয়েছে, আসারামের শারীরিক অবস্থা কতটা সংকটজনক এবং তাঁর জীবনের কোনো প্রকৃত ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে রাজস্থান সরকারের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২০১৩ সালে যোধপুরে এক নাবালিকাকে ধর্ষণ এবং ২০২৩ সালে গান্ধীনগরে এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে আসারাম বাপু বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এ বছরের মে মাসে রাজস্থান হাইকোর্টও তাঁর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রেখেছিল।