আদালতে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি!
কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিরোধিতা করে করা আবেদনের শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন যে, তদন্তের স্বার্থে কী প্রয়োজন আর কী নয়, তা তদন্তকারী সংস্থাকে আদালত নির্দেশ দিতে পারে না। বিচারপতি এই মন্তব্য করার পরপরই মামলাটি থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে এই আইনি লড়াইয়ে আপাতত কোনো স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত ২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সাংসদের একটি বিতর্কিত মন্তব্য থেকে। ওই মন্তব্যের পর উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের করা এফআইআর-এর তদন্ত শুরু করে সিআইডি। অডিও ক্লিপের কণ্ঠস্বর যাচাই করতে সিআইডি অভিষেকের নমুনা পরীক্ষা করতে চায়। অন্যদিকে, অভিষেকের আইনজীবীদের দাবি, তিনি মন্তব্য অস্বীকার করেননি, তাই নমুনার প্রয়োজন নেই এবং এটি তাঁকে হেনস্থা করার একটি কৌশল। ৩০ জুন তার নমুনা পরীক্ষা হওয়ার কথা ছিল, তবে হাইকোর্টের আজকের ঘটনাক্রমের পর এই আইনি লড়াই আরও জটিল হয়ে পড়ল।