অত্যাচারিত কর্মীদের জন্য এক নিশানায় সমাধান, পাশে দাঁড়ালেন অভিষেক!
ভোট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও অশান্তির জেরে ঘরছাড় হওয়া এবং মিথ্যা মামলায় জড়িয়ে পড়া তৃণমূল কর্মীদের আইনি সুরক্ষা দিতে নতুন কর্মসূচি গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ শিরোনামে এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আক্রান্ত ও বিপন্ন কর্মীরা সরাসরি আইনি সহায়তা পাবেন। এই লক্ষ্যে ৭৮৮৭৭৭৮৮৭৭ নামে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যার মাধ্যমে ভুক্তভোগী কর্মীরা দলের শীর্ষ নেতৃত্ব ও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ভোটের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, যার প্রেক্ষিতে অনেক ক্ষেত্রে শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই নিরাপত্তার খাতিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের গেটে ‘ভিউ কাটার’ বসানো হয়েছে, যাতে বাইরের কেউ অন্দরের গতিবিধি লক্ষ্য করতে না পারেন। একদিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দূরত্ব বজায় রাখা এবং অন্যদিকে দলের দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ানোর এই নতুন আইনি উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।