১ জুলাই থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল উৎসবের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের জন্য বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামীকাল ১ জুলাই থেকেই এই প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রাজ্য জুড়ে ১ কোটি ৫১ লক্ষ আবেদনকারীর মধ্যে যাচাইকরণের পর ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকায় নথিভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, যার মধ্যে রাজ্যের প্রায় ৫ লক্ষ আদিবাসী নারীও অন্তর্ভুক্ত রয়েছেন।
আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ৩৫০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। পাশাপাশি আদিবাসী যুবদের কর্মসংস্থান, খেলাধুলার সুযোগ এবং জঙ্গলমহলের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি স্পষ্ট জানিয়েছেন, আদিবাসীদের সংরক্ষণের অধিকার রক্ষায় সমস্ত ভুয়ো কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার আদিবাসী বিধায়কদের সমর্থন ও জনগণের আশীর্বাদের ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করবে এবং মুকুটমণিপুরকে একটি আদর্শ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে।