হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, তৃণমূলের আরও ১২টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ!
সন্দেহজনক লেনদেনের অভিযোগে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর আগে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, ফলে সব মিলিয়ে বর্তমানে দলটির মোট ১৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হলো। এই অ্যাকাউন্টগুলোতে প্রায় এক হাজার কোটি টাকার বেশি অর্থ আটকে রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, বেআইনি আর্থিক লেনদেন ও কাটমানির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে প্রথম তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই তিনটি অ্যাকাউন্টের ক্ষেত্রে আংশিক স্বস্তি মিলেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তাঁর কড়া নজরদারিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই তিনটি অ্যাকাউন্টের মাধ্যমে দলের দৈনন্দিন খরচ চালানো যাবে। তবে নতুন করে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় দলটির ওপর আর্থিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।