পুর-দুর্নীতিতে ফাঁসলেন সুজিত বসু ও তাঁর ছেলে, ধাক্কা খেলেন জামিনের শুনানিতে!
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে ১৮৬ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া এই চার্জশিটে প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং দুটি সংস্থার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইডির তদন্তকারীদের দাবি, ২৫০ কোটি টাকার এই দুর্নীতির মধ্যে সুজিত বসু ২০ কোটি টাকা তছরুপ করেছেন এবং প্রার্থীদের কাছ থেকে সংগৃহীত বিপুল পরিমাণ ঘুষের টাকা ঘুরপথে বাবা ও ছেলের কাছে পৌঁছাত।
অন্যদিকে, কলকাতা হাইকোর্টে সুজিত বসুর জামিন-আর্জির শুনানি আবারও পিছিয়ে গিয়েছে। বৃহস্পতিবার আদালতে তাঁর পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি উপস্থিত থাকলেও, এক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে দুপুর ২টোর পর আদালতের কাজকর্ম বন্ধ হয়ে যায়। ফলে এদিন শুনানি সম্পন্ন করা সম্ভব হয়নি। সব পক্ষের সম্মতিক্রমে এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৪ জুলাই, মঙ্গলবার ধার্য করা হয়েছে।