স্মার্ট সিটির আড়ালে লুকানো মরণফাঁদ!
নিউটাউনের সার্ভিস রোডের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
বিশ্ববাংলা সরণির দু’ধারে নিউটাউনের সার্ভিস রোডের বেহাল দশার কারণে চরম দুর্ভোগের কবলে পড়েছেন নিত্যযাত্রীরা। বর্ষার আগে রাস্তা সংস্কার না হওয়ায় যাত্রাগাছি ফ্লাইওভারের পাশে এবং আকাঙ্ক্ষা মোড় থেকে যাত্রাগাছি যাওয়ার লেনে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় পিচ উঠে স্টোন চিপস বেরিয়ে আসায় এবং বৃষ্টির জল জমে পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে উঠেছে যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
গুরুত্বপূর্ণ এই সার্ভিস রোডে নিয়মিত প্রচুর যানবাহন চলাচল করলেও দীর্ঘদিনের অবহেলায় রাস্তাগুলোর অভ্যন্তরীণ অংশও বর্তমানে ভগ্নদশা প্রাপ্ত। হিডকো এবং এনকেডিএ-র অধীনে থাকা এই রাস্তাগুলোর সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি প্রশাসনের নজরে আসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেহাল রাস্তাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।