বনগাঁয় নাবালিকার রহস্যমৃত্যু, উত্তাল গোপীনাথপুরে আক্রান্ত পুলিশ!

গোপালনগর থানার গোপীনাথপুরে এক নাবালিকার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রেমিক আজমির মণ্ডল বর্তমানে জেল হেপাজতে রয়েছে। বৃহস্পতিবার এলাকায় এক স্মরণসভা শুরুর প্রাক্কালে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার হামলায় সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অন্যদিকে, টিটাগড়ে ধর্ম গোপন করে এক হিন্দু তরুণীকে বিয়ে করার অভিযোগে ফারহান খান ওরফে রাহুল শেঠ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, অভিযুক্ত যুবক ভুয়ো নামে আধার কার্ড তৈরি করে ওই তরুণীকে বিয়ে করেছিল। তরুণীর পরিবারের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের সহায়তায় থানায় বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ব্যারাকপুর আদালত বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *