ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৫৩ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ!
নিউটাউনের ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে ৫৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একদল প্রতারকের বিরুদ্ধে। সিবিআই আধিকারিক সেজে ওই বৃদ্ধকে ভিডিও কল করেন প্রতারকরা এবং দেশদ্রোহিতা ও আর্থিক তছরুপের ভুয়া অভিযোগ এনে গ্রেপ্তারের হুমকি দেন। নিজের নির্দোষ প্রমাণ করার উপায় হিসেবে প্রতারকরা বৃদ্ধকে তার ব্যাংকের সমস্ত টাকা যাচাইয়ের জন্য তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা বলে। এই ফাঁদে পা দিয়ে ওই বৃদ্ধ তার জীবনের সমস্ত সঞ্চয় থেকে ৫৩ লক্ষ টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন।
টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই অভিযুক্তরা যোগাযোগ বন্ধ করে দেয়। সর্বস্বান্ত হয়ে মঙ্গলবার বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, ভারতীয় আইনে ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামে কোনো আইনি প্রক্রিয়ার অস্তিত্ব নেই। এ ধরনের হুমকি ফোন এলে আতঙ্কিত না হয়ে কোনো অবস্থাতেই আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তারা।