আসানসোলে সরাসরি দিদিভাই, ২৪ ঘণ্টার মধ্যেই বুলডোজার অ্যাকশন!

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে আসানসোলে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করল পুরসভা। শুক্রবার সকালে আসানসোল জিটি রোডের রাহালেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত রাস্তার দু’পাশের অবৈধ দোকানপাট ও নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়ান। তবে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উচ্ছেদ কাজ সম্পন্ন হয়।

উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দুর্গাপূজার আগে কোনো রূপ নোটিস ছাড়াই তাঁদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করেছেন যে, ফুটপাতে থাকা পুরোনো হকারদের সরানো হচ্ছে না, মূলত যারা পার্কিংয়ের জায়গা দখল করে নতুন করে অবৈধ দোকান বসিয়েছেন, তাঁদেরই উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘদিনের ব্যবসায়ীদের অগ্রাধিকার দিয়ে প্রায় ২,০০০ হকারকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে, এদিন আসানসোলের মহিশীলা বড়তলা বাজারে ‘সরাসরি দিদিভাই’ নামে একটি সেবাকেন্দ্র উদ্বোধন করেছেন মন্ত্রী, যার মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার কাজ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *