মমতাকে তোপ কল্যাণের, দল কি শুধুই রক্তের সম্পর্কের জন্য?
একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাষণ সংক্ষিপ্ত করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ ও অভিমান প্রকাশ্যে এসেছে। মঙ্গলবারের সমাবেশে দীর্ঘক্ষণ বক্তৃতা দেওয়ার সময় নেত্রী তাঁকে তা থামানোর নির্দেশ দিলে তিনি দৃশ্যত অসন্তুষ্ট হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য শুরুর আগেই সভাস্থল ত্যাগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে দানা বাঁধা অন্তদ্বন্দ্ব নতুন করে আলোচনার শীর্ষে উঠে এসেছে।
পরের দিন বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্য ও তাঁর গুরুত্ব নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন। দলের নেতৃত্বের একাংশের সমালোচনা করে তিনি বলেন, “শুধু ‘অভিষেক অভিষেক’ করলে দলে সমস্যা তৈরি হয়।” একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে জানান যে, দলের প্রতি আনুগত্য ও তাঁর পাশে থাকার ভূমিকার কথা বিবেচনা না করে শুধু রক্তের সম্পর্কের ভিত্তিতে গুরুত্ব দিলে দলের ক্ষতি হবে। তাঁর এই বিস্ফোরক মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে।