সুপ্রিম কোর্টে নজিরবিহীন হুলস্থুল, বিচারপতিদের লক্ষ্য করে ছুড়লেন কাগজ!
সুপ্রিম কোর্টের এজলাসে এক নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এলাহাবাদ হাই কোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি চলাকালীন প্রবল প্রতাপ নামে এক মামলাকারী বিচারপতিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শুনানির এক পর্যায়ে তিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন এবং এজলাসে নিজের হাতে থাকা নথিপত্র বিচারপতিদের দিকে ছুড়ে মারেন। সুর চড়িয়ে তিনি নিজেকে মামলা লড়ার অনুমতি দেওয়ার পর বিচারপতিদের ‘বিচার ব্যবস্থার কর্মচারী’ বলেও অভিহিত করেন।
ঘটনার সময় বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে শুনানি চলছিল। মামলাকারী লখনউয়ের এক এএসপি-র বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দাবি করলে বিচারক এর কারণ জানতে চান। এই পরিস্থিতিতেই তিনি চরম অবমাননাকর আচরণ করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে এজলাস থেকে বের করে নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও আদালত মামলাকারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। বরং বিচারপতি বিশ্বনাথন জানান, তারা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ খুঁজে পাননি এবং ঘটনাটিতে হতাশ হলেও মামলাকারীর প্রতি সহানুভূতিশীল।