এপিসি কলেজে মদ ও কন্ডোম উদ্ধার, ইউনিয়ন রুম কি তবে ফুর্তির আখড়া?

নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম থেকে অসামাজিক সামগ্রী উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ দিন তালাবদ্ধ থাকার পর নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম খুলতেই অসামাজিক কার্যকলাপের চাঞ্চল্যকর চিত্র উঠে এল। শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী অধ্যক্ষ ও টিচার ইন-চার্জের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে রুমটি খোলার সময় মেঝেজুড়ে লাঠিসোঁটা, মদের বোতল, ব্যবহৃত কন্ডোমের প্যাকেট ও পাজামা পড়ে থাকতে দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা ক্ষুণ্ন করে ইউনিয়ন রুমটিকে কেন্দ্র করে এই ধরণের কর্মকাণ্ড চলায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজের ইউনিয়ন রুমে দীর্ঘ দিন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক নিয়ম মেনে রুম খোলার পর এই পরিস্থিতি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কলেজের একদল পড়ুয়া অভিযোগ করেছেন, দীর্ঘ দিন ধরে ছাত্র সংগঠনের দাপটে সাধারণ শিক্ষার্থীরা সেখানে ঢুকতে পারত না এবং রুমটি অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছিল, যার জন্য তারা টিএমসিপি-কেই দায়ী করছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কলেজের প্রাক্তনীরা। এখন পুরো বিষয়টি নিয়ে বিকাশ ভবনে রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *