পালাবদলের বাংলায় বড় চমক, শহরে ফিরলেন তৃণমূল জমানায় ‘নির্বাসিত’ চিকিৎসকরা!
রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্যক্ষেত্রে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্বতন সরকারের আমলে ‘শাস্তিমূলক বদলি’র শিকার হওয়া ৪৪ জন চিকিৎসককে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকায় কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। অভিযোগ রয়েছে, মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে মতপার্থক্য এবং ২০১৫ সালের ডায়ালিসিস বিতর্কের জেরেই এই চিকিৎসকদের কলকাতার বাইরে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছিল।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী এসএসকেএম হাসপাতালে ফিরেছেন। এছাড়াও ফরেন্সিক বিশেষজ্ঞ পরাগবরণ পাল এবং রেডিয়োথেরাপিস্ট বিষাণ বসু কলকাতা মেডিক্যাল কলেজে ফিরেছেন। একই সঙ্গে, দীর্ঘদিন শহরে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসককে জেলাস্তরে বদলি করা হয়েছে। আরজি কর আন্দোলনের জেরে বদলি হওয়া বাকি চিকিৎসকদেরও দ্রুত কলকাতায় ফিরিয়ে আনা হবে বলে চিকিৎসক মহলে আশা প্রকাশ করা হয়েছে।