রথের দিনে বৃষ্টির চোখরাঙানি, আজ ভিজবে কি আপনার শহর?
মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মুর্শিদাবাদ ও নদীয়ায় ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে এবং রাজ্যের অন্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ভূমিধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সপ্তাহের মাঝে বুধবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও, বৃহস্পতিবার রথযাত্রার দিন ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।