পুরসভার ভুয়ো অফিসার সেজে অভিনব প্রতারণা, খোয়া গেল লক্ষ লক্ষ টাকা!
কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়ার থেকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়ার অভিযোগ, বেহালা থানা এলাকায় তাঁর একটি বাড়ির মিউটেশন ও বকেয়া ট্যাক্স মিটিয়ে দেওয়ার নাম করে প্রণব কয়াল নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা এই অর্থ হাতিয়ে নেয়। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো বৈধ নথি না মেলায় এবং অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে গত ১৫ জুন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকা থেকে সামসুদ্দিন জমাদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মূল অভিযুক্ত প্রণব কয়ালসহ বাকি দুই সহযোগীর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই প্রতারণা চক্রের পেছনে বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃত সামসুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।