মহিলাদের সুরক্ষায় জ়িরো FIR নেওয়া বাধ্যতামূলক, কড়া নির্দেশ লালবাজারের!
কলকাতা পুলিশের প্রতিটি থানাকে এবার ‘জ়িরো এফআইআর’ (Zero FIR) গ্রহণের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পুলিশ কমিশনার অজয় নন্দা এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, বিশেষ করে মহিলারা অভিযোগ জানাতে এলে কোনো গড়িমসি সহ্য করা হবে না। জ়িরো এফআইআর নথিভুক্ত করার পর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) দ্রুত তা প্রকৃত থানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু হস্তান্তর করলেই হবে না, অভিযুক্ত থানার ওসির সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিযোগকারীর বিস্তারিত তথ্যও পৌঁছে দিতে হবে।
এই পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি বাড়াতে ডিভিশনাল ডেপুটি কমিশনারদের (ডিসি) কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে রাজ্যে গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার আগের মুহূর্তে লালবাজারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ ও হস্তান্তরের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি দেখা দিলে তা কঠোরভাবে দেখা হবে।