দিনমজুরের অ্যাকাউন্টে ৭৬০ কোটি! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েই বড় চমক
অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা তুলতে গিয়ে প্রায় ৭৬০ কোটি টাকার মালিক হলেন লালগোলার বাসিন্দা দিনমজুর শেরিফা খাতুন। স্থানীয় একটি অনলাইন পরিষেবা কেন্দ্রে টাকা তুলতে গিয়ে তিনি দেখতে পান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ১৬ পয়সা জমা পড়েছে। অভাবী পরিবারে হঠাৎ বিপুল পরিমাণ অর্থের হদিশ মেলায় আতঙ্কিত শেরিফা দ্রুত বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানান এবং তাঁদের পরামর্শ অনুযায়ী লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দিনমজুর শেরিফার এমন অস্বাভাবিক আর্থিক লেনদেনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এ বিষয়ে ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে মেইল করা হয়েছে এবং বিষয়টি সাইবার ক্রাইম বিভাগকেও জানানো হয়েছে। সোমবার ব্যাঙ্ক খুললে সমস্ত নথি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।