পেনশন তুলতে এসে কোটিপতি! অ্যাকাউন্টে ৭৫৯ কোটি টাকা দেখে বৃদ্ধের মাথায় হাত!
বিহারের মুজফ্ফরপুরের ৮২ বছর বয়সী কামেশ্বর মিশ্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রায় ৭৫৯ কোটি টাকা। রবিবার একটি কমন সার্ভিস সেন্টারে পেনশন সংক্রান্ত কাজে গিয়ে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স আপডেট করতে গিয়েই এই চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে। শুধু নিজের অ্যাকাউন্ট নয়, তাঁর প্রতিবন্ধী ছেলের অ্যাকাউন্টেও সমপরিমাণ অর্থ জমা থাকায় পরিবারের দাবি অনুযায়ী, দুই অ্যাকাউন্ট মিলিয়ে মোট অর্থের পরিমাণ ১,৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অস্বাভাবিক এই বিপুল পরিমাণ অর্থ দেখে বিভ্রান্ত কামেশ্বর মিশ্র বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেলেও ব্যাঙ্ক বা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা অনুযায়ী, কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাঙ্কিং সিস্টেমের গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে।