৮১ হাজার স্কুলে বড় চমক, পরিচালন সমিতিতে এবার শুধুই অভিভাবকরা!
রাজ্যের ৮১ হাজার স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সোমবার বিকাশ ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। নতুন এই পরিকল্পনার আওতায় মিড-ডে মিল রান্নায় গ্যাসের ব্যবহার, প্রতিটি স্কুলে সৌরবিদ্যুৎ প্যানেল এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা ও পার্শ্ববর্তী স্কুলগুলিতে মিড-ডে মিলের পরিচালনার দায়িত্ব ‘ইসকন’-কে দেওয়া হচ্ছে এবং প্রাথমিক স্তরে মাথাপিছু দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে স্কুল পরিচালন সমিতি থেকে রাজনৈতিক নেতাদের সরিয়ে অভিভাবকদের প্রাধান্য দেওয়ার লক্ষ্যে নতুন শিক্ষাবিল আনা হচ্ছে। পাশাপাশি, ওবিসি মামলার আইনি জট কাটলেই ১২ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, যা পরিচালনার দায়িত্বে থাকবেন আইএস অফিসার দুষ্মন্ত নারিয়াল। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাগামহীন ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের এনওসি বা অনাপত্তি পত্র বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।