তারকেশ্বরবাসীর সুখবর! নতুন রুটে চালু হলো ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’ বাস।
তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে নতুন পাঁচটি রুটে সরকারি বাস পরিষেবা চালু হলো। সোমবার তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক সন্তু পান এবং পরিবহণ দপ্তরের আধিকারিকরা। এতদিন সরাসরি সরকারি বাস পরিষেবা না থাকায় স্থানীয় মহিলারা রাজ্য সরকারের ‘বিনামূল্যে সরকারি বাসযাত্রা’ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তবে বিধায়কের বিশেষ আবেদনের প্রেক্ষিতে পরিবহণ দপ্তর নতুন এই রুটগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন চালু হওয়া পাঁচটি রুটের মধ্যে রয়েছে তারকেশ্বর-বাঁকুড়া, তারকেশ্বর-দীঘা, তারকেশ্বর-খড়্গপুর, তারকেশ্বর-বর্ধমান এবং তারকেশ্বর-কলকাতা। প্রতিদিন প্রতিটি রুটে একটি করে বাস চলাচল করবে এবং খুব শীঘ্রই বাসগুলোর নির্দিষ্ট সময়সূচি জানিয়ে দেওয়া হবে। এছাড়া শ্রাবণ মাস উপলক্ষ্যে পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে পরিবহণ দপ্তর ‘মহাদেব এক্সপ্রেস’ নামে আরও ৪০টি বিশেষ সরকারি বাস নামানোর উদ্যোগ নিয়েছে, যা সপ্তাহে তিন দিন কলকাতা ও তারকেশ্বরের মধ্যে চলাচল করবে।