ট্রেনের টিকিটে ৭৫% পর্যন্ত বিশাল ছাড়, কাদের জন্য এই সুযোগ?
ভারতীয় রেলে টিকিটের ভাড়ায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে যে তথ্য বর্তমানে চর্চিত হচ্ছে, তা সব যাত্রীর জন্য প্রযোজ্য নয়। রেলের বর্তমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির যাত্রীই কেবল এই সুবিধা পাওয়ার যোগ্য। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য রেলের ভাড়ায় ছাড়ের যে সুবিধা আগে ছিল, তা বেশ কয়েক বছর আগেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে বয়সের ভিত্তিতে প্রবীণ নাগরিকদের জন্য কোনো বিশেষ ছাড়ের ব্যবস্থা নেই।
রেলের নিয়ম অনুযায়ী, মূলত শিক্ষার্থী এবং নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীরাই এই ছাড়ের সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণি ও স্লিপার ক্লাসে ৫০ শতাংশ এবং এসসি/এসটি শিক্ষার্থীরা ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পান। এছাড়া গ্রামীণ সরকারি স্কুলের শিক্ষার্থীরা বছরে একবার ভ্রমণের ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড়ের সুবিধা পান। পাশাপাশি, ইউপিএসসি (UPSC) এবং স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার্থীরা দ্বিতীয় শ্রেণিতে ৫০ শতাংশ ছাড় এবং ভারতে পাঠরত বিদেশি শিক্ষার্থীরা সরকারি সেমিনার বা ঐতিহাসিক স্থান পরিদর্শনের ক্ষেত্রে সেকেন্ড ক্লাস স্লিপারে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। স্নাতক স্তর পর্যন্ত ছাত্রীদের এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য সেকেন্ড ক্লাসে বিনামূল্যে এমএসটি (MST)-এর ব্যবস্থাও রয়েছে।