ডিএনএ টেস্টে মিলল মুক্তি, পকসো মামলায় নির্দোষ যুবকের এফআইআর খারিজ করল হাইকোর্ট!
হিমাচল প্রদেশ হাইকোর্ট ধর্ষণ ও পকসো (POCSO) মামলায় অভিযুক্ত এক যুবককে বেকসুর খালাস দিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। ২০২৩ সালে বিলাসপুরের এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে আয়ুশ নামের ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল, যেখানে ভুক্তভোগী দাবি করেছিলেন যে অভিযুক্তের দ্বারা তিনি গর্ভবতী হয়েছেন এবং সন্তানের জন্ম দিয়েছেন।
তদন্তের এক পর্যায়ে ফরেনসিক ল্যাবে করা ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণিত হয় যে, নবজাতক শিশুটির সঙ্গে অভিযুক্ত আয়ুশের ডিএনএ-র কোনো মিল নেই। বরং তদন্তে বেরিয়ে আসে যে, ভুক্তভোগীর আপন ভাই ওই শিশুর জৈবিক বাবা। এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ এবং ভুক্তভোগীর পরিবর্তিত জবানবন্দির ভিত্তিতে বিচারপতি রাকেশ কাইন্থালার একক বেঞ্চ জানায়, বৈজ্ঞানিক প্রমাণে নির্দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে অকারণে আইনি হয়রানির মুখে ফেলা যায় না। আদালতের নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ বাতিল করা হয়েছে।