NEET বিক্ষোভে মাধবনের গর্জন, অপরাধীদের কঠোর শাস্তি চাই!
দেশজুড়ে জাতীয় নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম নিয়ে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন এফটিআইআই (FTII)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট অভিনেতা আর মাধবন। পুণের এফটিআইআই ক্যাম্পাসে মাধবনের দপ্তরের দরজায় ‘নিখোঁজ’ ও ‘নিট ফর সেল’ লেখা প্রতিবাদী পোস্টার সাঁটানোর পর তিনি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ বিবৃতির মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন।
বিবৃতিতে মাধবন পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে, শিক্ষার্থীদের হতাশা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি শান্তিপূর্ণ সংগ্রামের প্রশংসা করেছেন। তবে আন্দোলনটি যাতে কোনো রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যবহার না করে, সে বিষয়েও তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।