পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি! তীর্থস্থলের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ১০০০ কোটির মেগা প্রকল্প!
রাজ্যে ধর্মীয় পর্যটন ও তীর্থক্ষেত্রগুলির সার্বিক বিকাশের লক্ষ্যে ১,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি রাজ্যে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ গঠনের পরিকল্পনার কথা জানান। এই প্রকল্পের আওতায় তারকেশ্বর মন্দিরের পরিকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুণ্যার্থীদের জন্য প্রতি ৫ কিলোমিটার অন্তর বিশ্রাম ও পানীয় জলের সুবিধাযুক্ত ‘সেবা কেন্দ্র’ তৈরি এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে জলযাত্রীদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐতিহ্যবাহী রথযাত্রা ও ঐতিহাসিক মন্দির সংস্কারের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে পুরোনো রথ সংস্কারের জন্য জনপ্রতি ৫ লক্ষ টাকা করে মোট ৩ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের কিরীটেশ্বরীসহ রাজ্যের ঐতিহাসিক মন্দিরগুলির হেরিটেজ সংরক্ষণের কাজ আগামী দু’বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া জল্পেশ ও জয়ন্তী মন্দিরে পুণ্যার্থীদের জন্য বিশেষ মেডিক্যাল ক্যাম্প এবং পুলিশি সুরক্ষার ব্যবস্থা থাকছে। অন্যদিকে, ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় আনা এবং সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মস্থানের উন্নয়নে ৫ কোটি টাকা অনুদানের ঘোষণা করা হয়েছে।