৮১ হাজার স্কুলকে বিশ্বমানের করার পথে মুখ্যমন্ত্রী, বড় ঘোষণা!
পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামোর মানোন্নয়ন ও জাতীয় শিক্ষানীতি (NEP) কার্যকর করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। সল্টলেকের বিকাশ ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ৮১ হাজার বিদ্যালয়কে বিশ্বমানের করে তোলার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রাখা এবং মেধার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের সব স্কুলে মিড-ডে মিল রান্নায় আধুনিক এলপিজি গ্যাস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের জন্য ওয়াটার পিউরিফায়ার এবং বিদ্যুৎ সাশ্রয়ে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হবে। স্কুল ও শৌচাগারের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এখন থেকে স্কুলের যাবতীয় তথ্য সেন্ট্রাল ড্যাশবোর্ডে পাঠাতে হবে। গ্রামীণ পর্যায়ে ডিজিটাল ও কম্পিউটার শিক্ষার প্রসারের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে সেমিস্টার ও ক্রেডিট সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জেলা পরিদর্শকদের নিয়মিত স্কুল পরিদর্শনের মাধ্যমে তদারকি করার নির্দেশ দিয়েছে সরকার।