স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়, ১০০% লক্ষ্য পূরণের কড়া নির্দেশ রাজ্যের!

রাজ্যের স্কুলগুলিতে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে স্কুল শিক্ষা দফতর। এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে দফতরটি। যেসব স্কুলে পৃথক শৌচালয় নেই বা নতুন নির্মাণের প্রয়োজন রয়েছে, দ্রুত সমীক্ষা করে সেই স্থানগুলোকে চিহ্নিত করার পাশাপাশি টেন্ডার ডেকে দ্রুত নির্মাণকাজ শুরু করতে বলা হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং স্কুলে তাদের উপস্থিতির হার বজায় রাখতে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু নির্মাণই নয়, শৌচালয়ে পানীয় জল, স্যানিটেশন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দিয়েছে শিক্ষা দফতর।

পাশাপাশি, রাজ্যের ৮১ হাজার বিদ্যালয়কে আধুনিকীকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এর আওতায় শৌচালয় ও পরিস্রুত পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি রান্নার জন্য গ্যাস সংযোগ, সোলার প্যানেলের সুবিধা এবং ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। এছাড়া যে সকল স্কুলে ফ্যান নেই, সেখানেও ফ্যান লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আধুনিকীকরণের কাজ প্রথম শুরু হবে রাঢ় বঙ্গ থেকে। সরকারি স্কুলগুলোকে এমনভাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে পড়ুয়াদের শিক্ষার জন্য বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভর করতে না হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *