কামদুনির বিচার কবে পাবে এই পরিবার?
কামদুনিকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ তুলে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হলেন নির্যাতিতার পরিবার ও প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। বুধবার তাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে সিআইডি তদন্তে গাফিলতি ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে বিস্তারিত অভিযোগ জানান। এই ঘটনায় দ্রুত বিচার ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে তাঁরা বিরোধী দলনেতাকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তদন্তের প্রতিটি স্তরে চরম গাফিলতির সুযোগে মূল অপরাধীরা ছাড় পাওয়ার পথ তৈরি করে নিচ্ছে। দীর্ঘ ১৩ বছর ধরে আইনি লড়াই চালিয়েও ন্যায়বিচার না পাওয়ায় তাঁরা চরম হতাশ। মৌসুমী কয়াল অভিযোগ করেন, সিআইডি তদন্তের নামে তাঁদের কেবল ঘোরানো হয়েছে। এদিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে শোনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।