রেশন কার্ড কি বাতিল হতে চলেছে? জেনে নিন নতুন নিয়ম!
পশ্চিমবঙ্গে ১৭.৫ লক্ষ রেশন কার্ড বাতিলের আশঙ্কা, তথ্য যাচাইয়ে বিশেষ অভিযান খাদ্য দফতরের
পশ্চিমবঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন সুবিধা নেওয়া কয়েক লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করেছে রাজ্য খাদ্য দফতর। প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে সুবিধা পান এবং অযোগ্যরা যাতে তালিকা থেকে বাদ পড়েন, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সারা দেশে প্রায় ৬ কোটি অযোগ্য রেশন কার্ডধারীকে চিহ্নিত করার প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রায় ১৭.৫ লক্ষ কার্ডধারীর নাম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরাসরি কোনো কার্ড বাতিলের আগে প্রতিটি ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করা হবে বলে জানিয়েছে দফতর।
খাদ্য দফতর সূত্রে জানানো হয়েছে, বার্ষিক ৬ লক্ষ টাকার বেশি আয়, কেন্দ্রীয় সরকারি চাকরি বা পেনশনভোগী, ইপিএফভুক্ত কর্মী, ব্যক্তিগত চারচাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, মৃত ব্যক্তি এবং আধার তথ্য অসংগত এমন ব্যক্তিদের কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের কার্ডও পর্যালোচনার আওতায় থাকবে। অন্যদিকে, সিএএ (CAA)-তে আবেদনকারী ব্যক্তিদের রেশন কার্ড ভেরিফিকেশন চলাকালীন চালু থাকলেও, পরবর্তী তথ্যের ভিত্তিতে তা যাচাই করা হবে। কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল উপভোক্তাকে সরকারি নির্দেশিকা অনুযায়ী তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।