আপনার রেশন কার্ড কি বাতিল হতে চলেছে? জেনে নিন বাদ পড়ার তালিকা!
কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় পশ্চিমবঙ্গ থেকে প্রায় সাড়ে ১৭ লক্ষ অযোগ্য রেশন কার্ড বাতিল হতে চলেছে। দেশজুড়ে প্রায় ৬ কোটি অযোগ্য কার্ডধারী চিহ্নিতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজ্য সরকার বর্তমানে সুবিধাভোগীদের তালিকা যাচাইয়ের বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রকৃত অভাবী মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
রাজ্য সরকারের বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী, যেসব ব্যক্তির বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী, চার চাকা বা বাণিজ্যিক গাড়ির মালিক এবং ইপিএফ সুবিধাভুক্ত কর্মী, তাদের রেশন কার্ড বাতিলের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৃত ব্যক্তি, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ৬ কোটি এবং রাজ্য সরকারের ভর্তুকিযুক্ত প্রকল্পের আওতায় আরও ২ কোটি ৮০ লক্ষ মানুষ রেশন সুবিধা পাচ্ছেন। প্রতিটি নাম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরেই চূড়ান্তভাবে কার্ড বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে।