রথের দিনই দুর্যোগের ভ্রুকুটি, কলকাতা-সহ রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা!

রথযাত্রার দিনেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলের দিকে ধেয়ে আসা এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জেলায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় বিকেল সাড় ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় হলুদ সতর্কতা রয়েছে। উত্তাল সমুদ্র ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *