শ্রীকৃষ্ণ ছিলেন মুসলমান! মৌলানার মন্তব্যে তুঙ্গে বিতর্ক
ভগবান শ্রীকৃষ্ণ এবং রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে চরম সমালোচনার মুখে পড়েছেন মৌলানা জরজিস আনসারি। ঝাড়খণ্ডের একটি জনসভায় তাঁর দেওয়া বক্তব্যের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে মৌলানা দাবি করেছেন যে, শ্রীকৃষ্ণ আসলে মুসলমান ছিলেন এবং তিনি দিনে পাঁচবার নমাজ পড়তেন। তাঁর আরও দাবি, রাম ও কৃষ্ণ হিন্দু ধর্মের দেবতা নন, বরং তাঁরা ইসলাম ধর্মের প্রচারক ছিলেন।
ভিডিওতে শ্রীমদ্ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোক উদ্ধৃত করে ওই মৌলানা সেটির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করেন যে, শ্লোকে বর্ণিত যোগাভ্যাস আসলে ইসলামি নমাজেরই একটি রূপ। এই কুরুচিপূর্ণ মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে এবং বিভিন্ন হিন্দু সংগঠন এটিকে পরিকল্পিত প্ররোচনা হিসেবে অভিহিত করেছে। ধর্মীয় গ্রন্থ ও দেবতাদের নিয়ে এমন বিকৃত ব্যাখ্যার জেরে সমাজে অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে মৌলানাকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকলেও প্রশাসনিক স্তরে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।