৯৬ ঘণ্টা ডিউটি নয়, চিকিৎসকদের কর্মস্থলে থাকার বিশেষ অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর!
সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের চাপ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সোমবার এক বিবৃতিতে মন্ত্রী স্পষ্ট করেছেন যে, সরকারি চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজ করতে হবে—এমন কোনো নির্দেশিকা সরকার জারি করেনি। তিনি মূলত চিকিৎসকদের তাঁদের কর্মস্থলে বা ডিউটি স্টেশনে সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন, যাতে জরুরি পরিস্থিতিতে তাঁদের তৎক্ষণাৎ পাওয়া যায়।
রবিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর “শিক্ষক-চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা সেন্টারে থাকতে হবে” এই বক্তব্যকে কেন্দ্র করে চিকিৎসক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল। অনেক চিকিৎসকের কর্মস্থল বাড়ি থেকে দূরে হওয়ায় তাঁরা সপ্তাহে মাত্র কয়েক দিন সেখানে থাকেন এবং বাকি সময় বাড়িতে কাটান বলে অভিযোগ রয়েছে। এছাড়া ডিউটির সময়ে ব্যক্তিগত চেম্বারে প্র্যাকটিসের অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রী জানিয়েছিলেন, সরকার জনগণকে পরিষেবা দেওয়ার জন্য বেতন দেয়। তবে সোমবারের ব্যাখ্যায় মন্ত্রী পুনরায় উল্লেখ করেন যে, তাঁর উদ্দেশ্য ছিল চিকিৎসকদের কাজের এলাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করা, যাতে রোগীরা দ্রুত পরিষেবা পান। কোনো চিকিৎসকের মনে এ নিয়ে ধন্দ থাকলে সরাসরি যোগাযোগ করারও পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।