আজ রাতেই বঙ্গে শাহ! জেনে নিন ২ দিনের ঠাসা কর্মসূচি

দুই দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ শুক্রবার রাতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত ৯টা নাগাদ তার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ রাতে তিনি শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে রাত্রিযাপন করবেন। আগামী দুই দিনে তিনি উত্তরবঙ্গ ও কলকাতায় একাধিক সরকারি বৈঠক ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

শনিবার সকালে শিলিগুড়ির জুমাগাছে বিএসএফ-এর ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে প্রহরী সম্মেলন, বৃক্ষরোপণ এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তার কর্মসূচি শুরু হবে। এরপর দুপুরে উত্তরকন্যা সভাগৃহে গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি নতুন ফৌজদারি আইন কার্যকর করা ও জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। শনিবার রাতেই তিনি কলকাতায় পৌঁছে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকবেন। রোববার সকালে ওই গেস্ট হাউসেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেগা বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরের দিকে ন্যাশনাল লাইব্রেরিতে ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন এবং বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তার সফর শেষ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *