আপনার হাতে সময়, হেলিকপ্টার দিচ্ছি, দেখে যান! শুভেন্দুর তোপে মমতা
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন কারখানার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো ভারী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। কর্তৃপক্ষ জানিয়েছে, মেজিয়ায় স্থাপিত এই নতুন কারখানাটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের শিল্পের প্রসারে একাধিক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে।
শিলান্যাস মঞ্চ থেকে তীব্র ভাষায় তৃণমূল আমলের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে তোলাবাজি ও সিন্ডিকেটরাজের কারণে শিল্পীরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন। বর্তমান সরকারের উদ্যোগেই শিল্পপতিরা রাজ্যে ফিরতে শুরু করেছেন। এছাড়া, ভিনরাজ্যের মানুষদের ‘বহিরাগত’ বলে অভিহিত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানকার কারখানায় রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির মূর্তির পাশাপাশি শিবলিঙ্গ ও গোশালাও রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, কারখানার পরিবেশ দেখে আসার জন্য তিনি সরকারি হেলিকপ্টারের ব্যবস্থাও করে দিতে পারেন।