বিমানবন্দর মসজিদ বিতর্ক, বিজেপি বিধায়কের ফাঁসির দাবিতে উত্তাল ঢাকা!
কলকাতা বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে সৃষ্ট বিতর্ক এবার আন্তর্জাতিক মাত্রা পেল। এই ইস্যুটিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ সিকদারের ফাঁসির দাবিতে শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন একদল মানুষ। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিধায়কের বিরুদ্ধে স্লোগান দেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়ক সৌরভ সিকদার দাবি করেছেন, তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যেই বাংলাদেশের মাটি ব্যবহার করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিমানবন্দরের সম্প্রসারণ, ভিভিআইপি নিরাপত্তা ও পাইলটদের প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি মসজিদের জমির বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় তিনি স্থানান্তরের দাবিতে অনড়। বিধায়ক আরও অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁকে ‘গুণ্ডা’ আখ্যা দেওয়ার পরেই বাংলাদেশে এমন বিক্ষোভের নেপথ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। ইতিমধ্যে বিধায়ক পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারকে ভারত-বিরোধী এ ধরনের কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি করা হয়েছে।