রাজনীতি করার শখ থাকলে উর্দি ছাড়ুন! পাক সেনাপ্রধানকে খোলাখুলি চ্যালেঞ্জ ফজলুরের
পাকিস্তানের রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামিয়াত উলেমা-ই-ইসলামের প্রধান মৌলানা ফজলুর রহমান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সেনাসদস্যদের রাজনীতি করার শখ থাকলে তাদের উর্দি ত্যাগ করে সরাসরি নির্বাচনে অংশ নেওয়া উচিত। তিনি এ সময় কটাক্ষ করে বলেন, উর্দি ছাড়া নির্বাচনে অংশ নিলে বোঝা যাবে সেনার প্রকৃত জনসমর্থন কতটা।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে সামরিক আধিপত্যের সমালোচনা করে আসছেন ফজলুর রহমান। জেনারেল জিয়া-উল-হকের শাসনামল থেকেই সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব এই নেতা অতীতেও আফগানিস্তানে পাক সেনার অভিযানের বিরোধিতা করেছিলেন। খাইবার পাখতুনখোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মাহমুদের উত্তরসূরি হিসেবে পরিচিত ফজলুর রহমান অতীতে শরিয়া আইনের প্রবর্তনসহ বিভিন্ন মার্কিন-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমান সেনাপ্রধানের সঙ্গে তাঁর এই সংঘাত পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।