তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গরমিল! এবার ইডির নজরে জোড়াফুল শিবির
তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের ১৬৪ কোটি টাকার হিসাব নিয়ে বড়সড় আর্থিক গরমিলের অভিযোগ উঠেছে। এই বিপুল অঙ্কের টাকার হিসাব মেলাতে না পেরে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে তৃণমূলের সাতটি অ্যাকাউন্টের মধ্যে তিনটি অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
তদন্তকারীদের দাবি, দলীয় তহবিল থেকে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থাকে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে। ইডির অভিযোগ, এই টাকা দিয়ে কেনা বিমান ও হেলিকপ্টার পুনরায় চড়া ভাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের ভিআইপি নেতাদের ব্যবহারের জন্য দেওয়া হতো। এদিকে, দলীয় কোন্দলের আবহে দলের কোষাধ্যক্ষ দাবি করা অরূপ বিশ্বাস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন বিধায়ক তহবিলের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছিলেন। এই অভ্যন্তরীণ টানাপোড়েনের মাঝেই ইডির এই তদন্ত তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।