শুটিং না কি মাধ্যমিকের চাপ? অবশেষে খোঁজ মিলল নিখোঁজ শুটার দময়ন্তীর!
টানা ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে হাওড়ার ১৫ বছর বয়সী রাইফেল শুটার দময়ন্তী সেনকে। শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করেন তার বাবা ধ্রুবজ্যোতি সেন। এই ঘটনায় দময়ন্তীর পরিবার ও বাংলার ক্রীড়ামহলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই।
তীব্র মানসিক চাপ ও হতাশার কারণে দময়ন্তী এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছেন তার পরিবার। সামনে মাধ্যমিক পরীক্ষা এবং প্রতিদিন ৮-৯ ঘণ্টার কঠোর শুটিং অনুশীলনের চাপে সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করেছিল। বৃহস্পতিবার সকালে মোবাইল ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে লোকাল ট্রেনে শ্রীরামপুর যায় এবং সেখানে মহেশের রথযাত্রায় অংশ নেয়। পরে শনিবার ভোরে নিজেই হাওড়ায় ফিরে আসে। উদ্ধার হওয়ার পর মেয়েকে বর্তমানে সবরকম মানসিক সহায়তা প্রদানের কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।