বঙ্গেও ‘বুলডোজার অ্যাকশন’, আমতলায় ভাঙা হচ্ছে অভিষেকের কার্যালয়!
দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে প্রশাসন। বেআইনি নির্মাণের অভিযোগে শনিবার সকাল থেকে তিনটি বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। হাইভোল্টেজ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের দাবি, সরকারি নিয়ম না মেনে সম্পূর্ণ বেআইনিভাবে এই কার্যালয়টি নির্মাণ করা হয়েছিল। এদিকে, কার্যালয় ভাঙার খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অভিযোগ করেন যে, ক্ষমতার অপব্যবহার করে এই বেআইনি নির্মাণ করা হয়েছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।