৩১-এ সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না, বিস্ফোরক অভিষেক!
বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের একটি পাঁচতলা পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। শনিবার তিনটি বুলডোজার ব্যবহার করে ভবনটি ভেঙে ফেলা হয়। প্রশাসনের দাবি, কোনো অনুমোদন ছাড়াই একটি বেকারি সরিয়ে অবৈধভাবে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল এবং দুবার নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সদুত্তর না পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটিকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, সরকারি লোকজনের পাশাপাশি বিজেপি কর্মীরাও এই ভাঙচুরের সঙ্গে সরাসরি যুক্ত। পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ২০৩১ সালে সরকার পরিবর্তন হলে বর্তমান নিয়ম মেনেই বিজেপির একটিও পার্টি অফিস আস্ত রাখা হবে না। তিনি আরও দাবি করেন, নির্দিষ্ট ভবনটি সরকারি জমিতে নয় এবং এর সমস্ত আইনি নথি তাদের কাছে রয়েছে। এই ঘটনায় ভিডিও প্রমাণসহ হাইকোর্ট ও প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিকে তৃণমূল নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। তাদের দাবি, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ায় তৃণমূলের দম্ভ কমেনি এবং এই ধরনের হুমকি আসলে তাদের স্বভাবসিদ্ধ রাজনীতিরই বহিঃপ্রকাশ।