পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী গীতাঞ্জলি, রিপোর্টে কারচুপির অভিযোগে অনশনে সোনম!
টানা ২১ দিন অনশনের পর শনিবার যন্তরমন্তর থেকে পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে স্থানান্তরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশের দাবি ছিল আদালতের নির্দেশেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তিনি জানান, দিল্লি হাইকোর্ট সোনমের স্বাস্থ্যের নজরদারির কথা বললেও তাকে জোর করে হাসপাতালে ভর্তি বা স্থানান্তরের কোনো নির্দেশ দেয়নি। এছাড়া, হাসপাতালের মেডিকেল রিপোর্টে পটাশিয়ামের মাত্রা ও সোনমের শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বিষয়টি নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন।
হাসপাতালে নেওয়ার পর সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তার স্ত্রী। তিনি জানিয়েছেন, সোনম বর্তমানে সম্পূর্ণ সজাগ রয়েছেন এবং হাসপাতালেও নুন-জল পানের মাধ্যমেই তার অনশন অব্যাহত রেখেছেন। পাশাপাশি, এই ঘটনার পর থেকে সোনমের চিকিৎসার দায়িত্ব পরিবারই দেখবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, নিট দুর্নীতি ও প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশনে বসেন। তার অবর্তমানে বর্তমানে যন্তরমন্তরে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আমরণ অনশন শুরু করেছেন।