চোখের নিমেষে জলের তোড়ে সব শেষ, আসামের বন্যায় দিশেহারা মানুষ!
আসামের চড়াইদেও জেলার লাকোয়া অভয়পুরি গ্রামে বন্যার জলে তলিয়ে একই পরিবারের পাঁচ সদস্য নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর আচমকা বেড়ে গেলে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরোনোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোহিণী দুয়ারা, তাঁর স্ত্রী টুটুমণি ও মেয়ে বিদিশা জলের তোড়ে প্রথমে ভেসে যান এবং তাঁদের বাঁচাতে গিয়ে দুই ছেলে বিদ্যুৎ ও বিপ্লবও স্রোতে তলিয়ে যান।
এই ঘটনার পর থেকে উদ্ধারকাজে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ঘটনার পরপরই বন্যা মোকাবিলা বাহিনীর হেল্পলাইনে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে রাজ্যের ১৬টি জেলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের প্রায় ৩ লাখ ৬২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এবং সোমবার পর্যন্ত বন্যায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে শিবসাগর, চড়াইদেও, বিশ্বনাথ, ডিব্রুগড় ও গোলাঘাটের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়।