নিট বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, যন্তর-মন্তরে পাথরবৃষ্টিতে জখম ৫!

NEET প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে যন্তর-মন্তরে বিক্ষোভ, আহত পাঁচ পুলিশকর্মী

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর-মন্তরে চলা বিক্ষোভ ঘিরে বুধবার চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিন আন্দোলন চলাকালীন টলস্টয় মার্গে বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) ওপর পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশের পাঁচজন কর্মী জখম হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন এসিপি, দুইজন ইনস্পেক্টর ও একজন কনস্টেবল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা বলপ্রয়োগ করে এবং দুই থেকে তিনটি কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটার পাশাপাশি তলোয়ার ও খুকরি ছিল। এদিকে, এই আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে। বুধবার যন্তর-মন্তরে জড়ো হওয়া মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে করে বহু মানুষ রাজধানীতে পৌঁছে এই বিক্ষোভে সামিল হয়েছেন। পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক ও বিভিন্ন পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে ঠিক কী কারণে হঠাৎ করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *