মিড ডে মিলের খাবারে বিছে, অসুস্থ শতাধিক পড়ুয়া!
বিহারে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একশোরও বেশি পড়ুয়া। সুপৌল জেলার ত্রিবেণীগঞ্জ থানার অন্তর্গত মিডল স্কুল মিরজাওয়াতে বুধবার দুপুরের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। পড়ুয়াদের অভিযোগ, দুপুরের মেনুতে পরিবেশন করা আলু-ছোলার তরকারির মধ্যে একটি মৃত বিছে পাওয়া যায়। ওই খাবার খাওয়ার পরই বহু শিশুর পেটে ব্যথা, বমি, মাথা ঘোরা এবং গলায় জ্বালার মতো উপসর্গ দেখা দেয়।
পরিস্থিতি গুরুতর বুঝে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা দ্রুত অসুস্থ শিশুদের স্থানীয় ত্রিবেণীগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সমস্ত পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা বিপদমুক্ত। ঘটনার একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রোজেক্ট ম্যানেজার পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।