নার্সিং ভর্তি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের, এবার কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর!

পরিকাঠামো ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই মোটা টাকার বিনিময়ে নার্সিংয়ে ছাত্রী ভর্তির অভিযোগে রাজ্যের একাধিক বেসরকারি কলেজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই অনিয়ম ও প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাজ্যের বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার।

বৈঠক শেষে মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী নার্সিং পড়ার জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক হলেও অনেক কলেজ কলা বিভাগের ছাত্রীদের ভুল বুঝিয়ে ভর্তি করছে। এর ফলে প্রশিক্ষণ শেষে ছাত্রীরা শংসাপত্র বা চাকরির সুযোগ পাচ্ছেন না। এ ধরনের ভুয়া প্রতিশ্রুতি ও প্রতারণার জেরে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টাও করেছেন। ব্যবসায়িক মুনাফার লোভে ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দায়ে প্রতিটি বেসরকারি কলেজের পরিকাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *