স্মার্টফোনেই মিলবে রেশন, রেজিস্ট্রেশন করবেন যেভাবে!
কাজের প্রয়োজনে নিজ রাজ্য ছেড়ে অন্যত্র বসবাসকারী মানুষদের রেশন সংক্রান্ত ভোগান্তি দূর করতে কেন্দ্রীয় সরকার ‘মেরা রেশন ২.০’ (Mera Ration 2.0) নামে একটি ডিজিটাল অ্যাপ চালু করেছে। কেন্দ্রের ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের অংশ হিসেবে এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন তোলার পাশাপাশি ঘরে বসেই বিভিন্ন রেশন পরিষেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে দীর্ঘদিন রেশন না তোলার কারণে কার্ড বাতিল হওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন উপভোক্তারা।
এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা মাসিক রেশনের হিসাব দেখা, গত ৬ মাসের লেনদেনের ইতিহাস যাচাই, ই-কেওয়াইসি সম্পন্ন করা, মোবাইল নম্বর আপডেট এবং পরিবারের নতুন সদস্য যোগ করার মতো কাজগুলো ঘরে বসেই করতে পারবেন। এছাড়াও জিপিএস প্রযুক্তির সাহায্যে নিকটস্থ রেশন ডিলার খুঁজে বের করা এবং রেশনের গুণমান বা ডিলার সংক্রান্ত কোনো অভিযোগ জানানোর ব্যবস্থাও এতে রয়েছে। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেশন কার্ড নম্বর ও ওটিপি যাচাইয়ের মাধ্যমে পিন সেট করলেই উপভোক্তারা এই সুবিধাগুলো পেতে শুরু করবেন।