রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, কড়া নজরদারি আর্থিক ও প্রশাসনিক কাজে!

অযোধ্যার রাম মন্দিরের দানবাক্সে কারচুপি ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্বচ্ছতা ফেরাতে বড় ধরনের প্রশাসনিক ও ধর্মীয় সংস্কারের ঘোষণা করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। মন্দিরের ট্রাস্টের এক জরুরি বৈঠকে দানের টাকা গণনার প্রক্রিয়ায় কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে এই প্রক্রিয়াটি লাইভ সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং এতে ইন্ডিয়ান ব্যাংকের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও স্বর্ণ রজত ফিনান্সের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া টাকা গণনার কাজে যুক্ত স্টেট ব্যাংকের (এসবিআই) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাস্ট চুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে এবং এসআইটি’র তদন্ত রিপোর্ট আসার আগে কাউকে দোষী সাব্যস্ত না করার অনুরোধ জানিয়েছে।

মন্দিরের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পবিত্রতা বজায় রাখতে ট্রাস্ট বেশ কিছু প্রশাসনিক রদবদল ও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্দির পরিচালনায় নতুন পূজা-অনুষ্ঠান কমিটি গঠন করা হয়েছে যার চেয়ারম্যান হয়েছেন স্বামী গোবিন্দ দেব গিরি। সেই সঙ্গে একজন নতুন মুখপাত্র নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও সচিব নিয়োগের লক্ষ্যে ৫,২০০টি আবেদন জমা পড়েছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত ২ সেপ্টেম্বরের বৈঠকে নেওয়া হতে পারে। বর্তমানে কৃষ্ণ মোহন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাস্ট জানিয়েছে, যাবতীয় বিতর্ক সত্ত্বেও মন্দিরে ভক্তদের সমাগম অব্যাহত রয়েছে এবং ভক্তদের স্বার্থ রক্ষায় তারা বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *