যাত্রীসাথী ট্যাক্সিতে অস্ত্রের বিশাল ভাণ্ডার! হাওড়ায় বড় সাফল্য এসটিএফের
July 23, 2026
হাওড়ার নিশ্চিন্দার অভয়নগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় একটি ‘যাত্রীসাথী’ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়। ডানলপ থেকে আসা ওই ট্যাক্সিটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তল্লাশি চালানো হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশি বন্দুক। ঘটনার পর ট্যাক্সিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই অস্ত্র পাচারের নেপথ্যে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে এসটিএফ তদন্ত শুরু করেছে।